ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে পরাজয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেছে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। ফলে বাংলাদেশ আগে ফিল্ডিং করছে।
এদিকে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ফলে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের জায়গায় কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হওয়ার পরবর্তী সাত দিনে ম্যাচ থাকলেও খেলার সুযোগ নেই। ফলে মুমিনুলের বদলে দ্বিতীয় টেস্টে ফিরলেন চোটের কারণে মিরপুরে ডাগআউটে কাটানো মুশফিকুর রহিম।
এ ছাড়া শরিফুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই টেস্টেও বাংলাদেশ যথারীতি দুই পেসার ও তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে। মুমিনুল না থাকায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে যাচ্ছে।
সফরকারী ক্যারিবীয়দের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জশুয়া ডি সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।