দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রবৃদ্ধির গতি বাড়াতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘‘সামনের দিনগুলোতে সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। একইসঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণেও কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে বলে আশা করছে সরকার।’’
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‘প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। কাস্টমসসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে। ফলে আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আহরণও বাড়বে বলে আশা করা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘প্রতিটি পদক্ষেপ হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাতে গতি ফিরিয়ে আনার পাশাপাশি রাজস্ব আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করা।’’
করদাতার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে
জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‘জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার যথাযথ মূল্যায়ন করতে সরকার সচেষ্ট। এ ক্ষেত্রে সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি থাকবে।’’
তিনি বলেন, ‘‘এমনভাবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায়। পাশাপাশি এসব বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সরকারের প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করাই মূল লক্ষ্য।’’
আইএমএফের সঙ্গে জানুয়ারিতে অগ্রগতির আশা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আইএমএফের ঋণ বা সহায়তা একটি বৃহত্তর ও সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য অর্থায়নের উৎস ব্যবহার করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে। শেষ পর্যন্ত এসব উদ্যোগের সুফল দেশের সাধারণ মানুষ পাবে। সরকারের লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থের অপচয় রোধ এবং বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।’’