করোনা ভাইরাস ও ডেঙ্গুসহ সব ধরনের বিপদ থেকে মুক্তি, নির্যাতিত বিশ্ব উম্মাহর জান-মালের হেফাজত এবং দেশ, জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘দাওয়াতে ইসলামী’র ৩ দিনব্যাপী ইজতেমা। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিভিল এভিয়েশন মাঠে জুমার নামাজের পর দরুদ, সালাতু সালাম, মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ‘দাওয়াতে ইসলামী’ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন আত্তারী।
মোনাজাতের আগে মানুষের সংশোধন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে মূল আলোচনা করেন ‘দাওয়াতে ইসলামী’র জিম্মাদার মাওলানা নূরউদ্দিন আত্তারী। ইজতেমার বিশেষ আকর্ষণ তাসাউরে মদিনা (মদিনার ধ্যান) করান মোহাম্মদ রিয়াজ আত্তারী। জুমার নামাজে ইমামতি করেন ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগ মাওলানা আরাফাত মাদানি আত্তারী।
শুক্রবার শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগগণ কুরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর বয়ান দেন।








