করোনার মধ্যে পরীক্ষা না নেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া মেডিক্যাল শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছেন।
তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সরদার বাংলা ট্রিবিউনকে জানান, পরীক্ষা না নেওয়ার দাবিতে মেডিক্যাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
পুলিশ জানায়, শিক্ষার্থীদের প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বসেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে শাহবাগের মূল সড়ক অবরোধের কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিভন্ন সড়কে দীর্ঘ সময় ধরে যানবাহনকে আটকে থাকতে দেখা যায়।
ছবি: নাসিরুল ইসলাম







