উন্নয়ন কাজের মাত্র কয়েক মাস অতিবাহিত হতে না হতেই সেই সড়ক বিনা অনুমতিতে কেটে নষ্ট করেছে ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। নগরীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বেশ কিছু রাস্তায় এমন ঘটনা ঘটার পর ওয়াসার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএনসিসি জানিয়েছে, শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ডিএনসিসি’র অঞ্চল–১–এর প্রকৌশল বিভাগের কার্য-সহকারী সোলায়মান কবীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাধারণ ডায়েরিতে বলা হয়ে, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক আজ শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
ডিএনসিসির অঞ্চল–১ সূত্রে জানা যায়, গত আগস্টে ১২ কোটি টাকা ব্যয়ে উত্তরার ১৫টি রাস্তার নির্মাণকাজ শেষ হয়। এসব রাস্তার মধ্যে তিনটি রাস্তা খোঁড়ার অনুমতি চান ওয়াসার ঠিকাদার। কিন্তু কয়েক মাস আগেই নির্মাণকাজ শেষ হওয়ায় রাস্তা খুঁড়তে তাদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমতি না পেলেও রাস্তা খুঁড়ে ফেলেন।








