ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সকল বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে আগামী ৩১ মার্চ ২০২১ এর মধ্যে বিচ্ছিন্ন করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিজ উদ্যোগে করতে হবে। কোনও অবস্থাতেই পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে দেওয়া যাবে না।
রবিবার (৩১ জানুয়ারি) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে পয়ঃনিষ্কাশন লাইন দেওয়া আইন অনুযায়ী নিষিদ্ধ। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করার বিধান রয়েছে। তবুও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেওয়া হয়েছে। যা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
তাই মার্চের মধ্যে সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করে পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








