দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এহসানুল হক বাশার ‘গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন। করোনাকালীন সময়ে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা পেয়েছেন।
রবিবার (১৪ মার্চ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এহসানুল হক বাশারকে এই পদক প্রদান করা হয়।
টেলিপ্রেস আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স- যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট রাজু আলীম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এহসানুল হক বাশার বলেন, ‘এ রকম একটি অ্যাওয়ার্ড পেয়ে সম্মানিতবোধ করছি। এসিসিএ বাংলাদেশ করোনাকালীন সময়ে শিক্ষার্থী এবং সদস্যদের অনলাইন স্পেসে বিনামূল্যে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সিপিডি এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি এবং সরকারের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রেখেছে। আজকের এই সম্মাননা মূলত এসিসিএ শিক্ষার্থী এবং সদস্যদেরই প্রাপ্য।’









