সিআইডির পুলিশ পরিদর্শক পরিচয় দিয়ে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।
রবিবার (৩০ মে) সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম খন্দকার লতিফুল হক (৪০)। এসময় তার কাছ থেকে বেশকিছু ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ বলেন, কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় ইকবাল নাদির প্রিন্স’র নামে জাল-জালিয়াতির মাধ্যমে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের একটি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানার ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে প্রতারক লতিফুল। পরবর্তীতে অজ্ঞাত নামা সহযোগীসহ ইকবাল নাদির প্রিন্স ও তার পিতা মইনুদ্দিন নাদিমকে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে নগদ দেড় লাখ টাকা আদায় করে। পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে আবারও অর্থ আদায়ের চেষ্টা করলে বিষয়টি সন্দেহ হয় ভিকটিমের। এরপর সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে সিআইডির বিভিন্ন তথ্য পর্যালোচনা করে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খন্দকার লতিফুল হককে খিলগাঁও থেকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এই প্রতারক ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে দেশের বিভিন্ন থানা থেকে জিডি কপি সংগ্রহ করে এবং ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো বলে জানায় সিআইডি। উক্ত ঘটনায় এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানায় মামলা হয়েছে।









