রাজধানীর মুগদার ঝিলপাড় এলাকায় কানামাছি খেলতে খেলতে ছাদ পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাদিয়া আক্তার মিম (৯)। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিম মাদারীপুরের শিপচড় উপজেলার নাইশাবাজার গ্রামের সপন মিয়া ও হাসি বেগমের মেয়ে। সে উত্তর মুগদা ঝিলপাড়ে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা রিকশাচালক, মা বাসা-বাড়িতে কাজ করেন। শিশুটি স্থানীয় স্কুল আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মিমের মা হাসি বেগম জানান, সন্ধ্যায় অন্যান্য শিশুদের সঙ্গে একতলা ভাড়া বাসার ছাদে কানামাছি খেলার সময়ে চোখ বাঁধা অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে যায় মিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।









