রাজধানীর শাহজাহানপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে ত্রাণ পেলো আরও ২০০ অসহায় পরিবার।
শুক্রবার (৯ জুলাই) রাতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।
পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এসময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে।








