ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা দমনে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাঞ্জা’। সংগঠনের উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা মশক নিধন ওষুধ ছিটাচ্ছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এবং সেবা সংস্থাগুলোর পাশাপাশি ডেঙ্গু বিপর্যয় ঠেকাতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
মশক নিধন কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা জানান, সেবা সংস্থাগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজের আশপাশে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিলেই ডেঙ্গুর প্রজনন বন্ধ করা সম্ভব।
মশক নিধনের কার্যক্রম উদ্বোধন করেন মাঞ্জার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন আহমেদ (রিন্টু)। তিনি বলেন, ‘দিন দিন ডেঙ্গুরোগী বাড়ছে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে আর সচেতন হয় তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’
সংগঠনের সদস্য সহিদুল ইসলাম সাজ্জাদ বলেন, ‘আমরা প্রথমে এলাকাবাসীকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেছি। মাইকিংয়ের মাধ্যমে এবিষয়ে জানিয়েছি। এরপরে ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে, ডেঙ্গু হলে কী করতে হবে এ সম্পর্কে বুঝিয়েছি। এ সম্পর্কিত লিফলেটও আমরা জুম্মার নামাজ শেষে মসজিদে এবং এলাকার বিভিন্ন স্থানে বিতরণ করেছি।’
পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত শিংটোলায় এলাকায় জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণ করে মশক নিধন ওষুধ ছিটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। সেখানে আরও বলা হয়, মাঞ্জার অর্থায়নেই এই কার্যক্রম করা হয়েছে। এই ধরনের কর্মসূচি নিয়মিত করার চেষ্টা থাকবে বলেও জানানো হয়।








