রাজধানীর বাড্ডায় তিনতলার ছাদ থেকে নিচে পড়ে ফাহিম ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা বেরাইত ভূঁইয়া পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা মৃত শিশুটির মামা হৃদয় জানান, গত তিনদিন আগে ফাহিমের মা রিনা বেগম নারায়ণগঞ্জের বাড়ি থেকে আমাদের বাসায় বেড়াতে এসে দুই ভাগনেকে রেখে আবার চলে যান। সকালে ভাগনে অন্যান্য শিশুদের সঙ্গে তিনতলা ভবনের ছাদে খেলাধুলা করতে গেলে উপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে দুপর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত ফাহিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড় আলু পাড়া গাঁওয়ের মুদি ব্যবসায়ী মনির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।









