রাজধানীর বংশাল থানাধীন গুলিস্তান ফুলবাড়িয়ায় পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে আলী আকবর (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল তিনটায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বজলুর জানায়, গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজায় সিটি কর্পোরেশন মার্কেটের ছয় তলা পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন সবাই মিলে। চাচা আলী আকবর তিন তলায় হাতুড়ি দিয়ে রড খোলার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল পৌনে চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বংশাল থানার উপ-পরিদর্শক এসআই প্রদীপ কুমার সরকার। তিনি বলেন, নগর প্লাজায় পুরাতন ভবন ভাঙার সময় তিন তলা থেকে নিচে পড়ে আহত হয় আলী আকবর। পরে সহকর্মীরা তাকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত আলী আকবর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চৌধুরী পাড়া গ্রামের মৃত আনফর আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর রায়েরবাজার বাড়ৈখালী এলাকায় ভাড়া বাসায় থাকতো। তিন ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।








