ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির পক্ষ থেকে গত তিন দিনে ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় মিরপুরের পীরেরবাগ এলাকায় শনাক্তকৃত ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে ফগিং, লার্ভিসাইডিং ও অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরে থেকে থাকে তাহলে ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপে অবহিত করা হলে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে।
আতিকুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সরকারি, বেসরকারি ও আধাসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।
ডিএনসিসি মেয়র পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত একাধিক টয়লেটে এডিসের লার্ভা দেখে বিষয়টিকে খুবই দুঃখজনক অভিহিত করে সেগুলো আজকের মধ্যেই পরিষ্কার করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সঠিক তথ্যাদি ডিএনসিসিকে সরবরাহ করা হলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে ২০০ মিটার পর্যন্ত ফগিংসহ লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।
আতিকুল ইসলামের নির্দেশনা ও স্থানীয় জনগণের সহায়তায় পীরেরবাগ এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণাধীন ভবনের অংশবিশেষ, বিভিন্ন ভবনের সিঁড়ি এবং নির্মাণসামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উচ্ছেদ করা হয়।








