রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে রাজু (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে রাজধানীর নিউমার্কেট জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতরে একটি ১০তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে সজীব (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ভাটারা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রিয়াদ আহমেদ জানান, আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার রোড নম্বর ১৪ ব্লক সি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ফ্লোর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহত শ্রমিকদের সহকর্মীরা বলছেন নির্মাণ কাজ শেষে রাতে তারা আবার উপরে উঠেন। এসময় তারা শব্দ শুনতে পান। পরে ভবনের দুতলার ফ্লোরে এসে দেখেন রাজু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
নিহতের দুলাভাই রবিউল ইসলাম জানান, নিহত রাজুর গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর গতি মাঝিয়ালী পশ্চিমপাড়া গ্রামের। তিনি বসুন্ধরা আবাসিক এলাকা ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
অন্যদিকে রাজধানীর নিউমার্কেট জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভিতরে একটি ১০তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে সজীব (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নাহিদ জানান, নিউ মার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতর একটি নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে পড়ে গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ উদ্দিন। পেশায় রাজমিস্ত্রি সজীব ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।









