রাজধানীর পল্লবীতে সমবয়সী তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। তিন পরিবারের অভিযোগ, তাদের অপহরণ করা হয়েছে। তবে পুলিশের দাবি, নিজেদের ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছে তারা। তিন ছাত্রীর দুই জন কলেজ পড়ুয়া, একজন দশম শ্রেণির। তাদের বয়স ১৮ বছরের মধ্যে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এএসএম মাহাতাব উদ্দিন শুক্রবার (১ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি ওই তিন জনকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা মনে করেন, ঘটনাটি পরিকল্পিত। তিনি বলেন, ‘নিখোঁজ নয়, তারা স্বেচ্ছায় বাসা থেকে টাকা-পয়সা নিয়ে বেরিয়ে গেছে। কেউ তাদের অপহরণ করেনি। একজন সাড়ে ৬ লাখ টাকা, আরেকজন আড়াই লাখ টাকা নিয়েছে। অন্য একজন স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
এএসএম মাহাতাব উদ্দিন বলেন, ‘আইনজীবী পরিবারের এক শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সূত্র ধরে আমরা দেখলাম, তিন জন স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়েছে। তারা তিন জন বন্ধু।’
নিখোঁজ তিন শিক্ষার্থী পরিবারের সঙ্গে মিরপুর ১৪ নম্বর এলাকায় থাকতো। স্থানীয় তিন জনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন ছাত্রীকে অপহরণের অভিযোগ তুলেছে তাদের পরিবার।








