ঢাকার দুই সিটি করপোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে ২৫টি মামলায় ৭৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার এলাকা এবং মিরপুর এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় এসব অভিযান পরিচালিত হয়।
বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও বিআরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরী। তারা ১০টি মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা নিয়েছেন। এর মধ্যে বাহন পরিবহন ৫ হাজার, ভিক্টর ক্লাসিক পরিবহন ১০ হাজার, শিকড় পরিবহন ২ হাজার, মেঘলা পরিবহন ২ হাজার, ফাল্গুনী মধুমতি পরিবহন ৫ হাজার, রুপান্তর পরিবহন ৩ হাজার, মনজিদ পরিবহন ৪ হাজার, হিমাচল পরিবহন ৮ হাজার, ৬ নম্বর বাস ৪ হাজার এবং একটি সিএনজিকে ২০০ টাকা জরিমানা দিতে হয়েছে। এছাড়া খাজাবাবা পরিবহন ও গ্রিন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজমের ভ্রাম্যমাণ আদালতে ১৫টি মামলায় ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় হয়েছে।
মিরপুরে অভিযানে গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় ৭টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা এবং বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা নেওয়া হয়।









