সারা দেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশিদের মানবিক কারণে মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসন এবং পুনর্বাসনের আগে ক্যাম্প এলাকায় সকল প্রকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখসহ ৬ দফা দাবি জানিয়েছে “উর্দুস্পিকিং পিপলস্ ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট"।
রবিবার (৩১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক শাহেদ আলি বাবুল বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় উর্দুভাষী সংখ্যালঘুরা আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত সারা দেশের ১১৬টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে আসছে। তারা দেশের নাগরিক হলেও অন্যান্য নাগরিকদের মতো নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না।
তিনি বলেন, চলতি বছরের ২১, ২২ ও ২৩ জানুয়ারি মিরপুর সেকশন-১১, এভিনিউ-৩ এবং ৪ এ উর্দুভাষীদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগান ক্যাম্পে প্রায় ৪০০ উর্দুভাষী পরিবারকেও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। একইভাবে সারা দেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীরা উচ্ছেদ আতংকে বসবাস করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনও সরকার উর্দুভাষীদের পুনর্বাসনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও উদ্যোগ গ্রহণ করেনি। তাই আমরা মনে করি, উর্দুভাষী সংখ্যালঘুদের পক্ষে সরকারের কাছে নিজেদের অবস্থান ও দাবিগুলো তুলে ধরা অত্যন্ত জরুরি।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে - উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেহেতু উর্দুভাষীরা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রধারী নাগরিক সেজন্য তাদের আটকেপড়া পাকিস্তানি অথবা অন্য কোনও নামে অভিহিত করা যাবে না, তাদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।








