বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে প্রথম শ্রেণির শিক্ষার্থী জিহাদের মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের প্রতি পৃথক দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. মুহিদুল কবীর ও মনির হোসেন পৃথক দুটি নোটিশ প্রেরণ করেন।
নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্টদের এ ক্ষতিপূরণ দিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে বাবা নাজির হোসেনের সঙ্গে শিশুযত্ন কেন্দ্র স্কুলের শিক্ষার্থী শিশু জিহাদ স্কুলে রওনা হয়। পথে ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।
এলাকাবাসী জানায়, সেখানে সিটি করপোরেশনের ড্রেনের কাজ চলমান ছিল। ড্রেনের কাজ করায় দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়, তাই কলোনির পুরাতন দেয়াল ধসে পড়েছে।









