রাজধানীর সায়েদাবাদে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে মৃত এ দুজন হলেন মো. রিপন জমাদার (৪০) ও মো. আবুল কালাম (৫০)। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হলো। এর আগে রবিবার বিকালে বিশ্বনাথ দত্ত নামে একজন মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস.এম. আইউব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৬ জন দগ্ধের মধ্যে বর্তমানে দুই জন চিকিৎসাধীন রয়েছেন। প্রথম দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
আজ মারা যাওয়া রিপন জমাদার ভোলা জেলার মৃত আলী হোসেন জমাদারের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন। বর্তমানে সায়েদাবাদ এলাকায় থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন রিপন।
আর আবুল কালাম ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। তার বাবার নাম অনির উদ্দিন (মৃত)। তিনি জুরাইন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। তার স্ত্রীর নাম রিনা বেগম।
উল্লেখ্য, গত শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ মোড়ে আগুনের এ ঘটনা ঘটে।









