প্রাণ ফিরে পেয়েছে পাঁচ মাসের ইব্রাহীম, বিচার পাবে কি?

সাদ্দিফ অভি
২৩ নভেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪:৫৬

সদ্য হামাগুড়ি দিতে শিখেছিল পাঁচ মাস বয়সী শিশু ইব্রাহীম মোহাম্মদ বিন হাসান। সারাদিন বাবা-মার হাত ধরে নিজের পায়ে চলতে শিখতো। হাঁটতে না পারলে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। তার শখগুলো কেড়ে নিয়েছে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারা একটি প্রাইভেটকার। বেড়ে ওঠার পথে তৈরি হয়েছে বিশাল বাধা। উরুর হাড় ভেঙেছে শিশু ইব্রাহীমের। এখন বিছানায় শুয়ে আর পা-ই নাড়াতে পারে না ও। মাকে দেখলেই দুহাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। কিন্তু উঠতে পারে না।

আহত হয়েছে ইব্রাহীমের বাবাও। সন্তানের বেড়ে ওঠার এ সময়টায় এমন এক দুর্ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন। দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

গত ১৯ নভেম্বর শুক্রবার ছুটির দিনে বাবার কোলে করে রিকশায় ঘুরতে বেরিয়েছিল শিশু ইব্রাহীম। রাজধানীর বেইলি রোডে আসার পর হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতিতে এক কিশোরের চালিয়ে আসা প্রাইভেটকার ধাক্কা দেয় রিকশার পেছনে। ছিটকে পড়ে যান বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. ফখরুল হাসান ও তার কোলে থাকা সন্তান ইব্রাহীম। রিকশাচালক আনোয়ার ইসলামও আহত হন। দুর্ঘটনায় ফখরুলের হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পান। পায়ে গুরুতর আঘাত পান রিকশাচালক আনোয়ার।

দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন তারা নিজ বাসায়।

ঘটনার পর ওই কিশোর গাড়ি নিয়েই তার মগবাজারের বাসায় চলে যায়। এরপর সে তার মাকে নিয়ে বাসে করে মেহেরপুরের গাংনীতে দাদার বাড়ি যায়। সেখান থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালার বাড়িতে আত্মগোপনে থাকে। দুই উপজেলার পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, ওই কিশোরের জন্ম ২০০৬ সালে। সে হিসেবে তার বয়স ১৫ বছর। এই বয়সে ড্রাইভিং লাইসেন্স থাকার কথা নয়। সে রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সেখান থেকে ভর্তি বাতিল করে অন্যত্র ভর্তি হয়েছে বলেও জানা গেছে। ওই কিশোরের বাবা একজন আইনজীবী বলে জানা গেছে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।

রমনা মডেল থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিপ্লব সরকার ওই কিশোরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড নামঞ্জুর করে ওই কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুন এ আদেশ দেন। একইসঙ্গে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তার সামনে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের আদেশও দিয়েছেন আদালত।

শিশু ইব্রাহীমের বাবা ফখরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলের ডান পায়ের উরুর হাড় ভেঙেছে। আমার নিজের ডান হাত ভেঙেছে। মাথায় এখনও ব্যথা করছে। প্রথম দুদিন ব্যথার ইনজেকশন দেওয়ায় বুঝতে পারিনি। এখন ওষুধ খেয়েও ব্যথা কমছে না। কোনোরকম দিন পার করছি। চিকিৎসক বলেছেন সিটি স্ক্যান করে দেখবেন। এরপর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেছেন। কবে আবার অফিসে জয়েন করতে পারবো বলতে পারছি না। অবশ্য অফিস থেকে আমাকে বেশ সহযোগিতা করা হচ্ছে।’

ইব্রাহীম প্রসঙ্গে তার বাবা আরও বলেন, ‘বাসায় সবাই চেষ্টা করছি তার ট্রমা কাটানোর। হাসিখুশি রাখার চেষ্টা করছি।’

শিশুটির মা রোকাইয়া আক্তার জানান, ‘সেদিন নিয়ে আসার পর দেখলাম বাবুর রক্ত বের হচ্ছে। সে প্রচুর কান্না করছিল। কান্না কিছুতেই থামছিল না। তারপর দেখি পা ফুলে গেছে। সঙ্গে সঙ্গে এক্সরে করে দেখলাম হাড় ভেঙেছে। দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যাই। অতো রাতে কোনও কনসালটেন্টও ছিল না। বাবুকে ট্রাকশান দিয়ে পা ঝুলিয়ে রাখা হয়েছিল। কিছুতেই কান্না থামানো যাচ্ছিল না। ব্যথানাশক দেওয়ার পর বড়জোর আধা ঘণ্টা চুপ ছিল। তারপর আবার শুরু। এইটুকুন শিশুকে তো পেইনকিলারও দেওয়া যায় না। পরের দিনও ট্র্যাকশন দিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পরে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তার পায়ের অপারেশন হলো। এরপর মনে হলো কিছুটা ভালো আছে। এখনও কিছু বলতে পারছি না। সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি।’

রোকাইয়া বললেন, ‘হাসপাতালের নার্সরা ওর কান্না দেখে বলছে- এইটুকুন শিশুর সঙ্গে এমনটা ঘটলো। সে যদি বড় হয়ে জানে যে বিচার পায়নি, তবে ভাববে এ কোন দেশে আমি জন্মালাম।’

রোকাইয়া আরও জানালেন, ‘আমার ইন্টার্ন শেষ করে চাকরিতে জয়েন করার কথা ছিল। ভাবলাম ইব্রাহীম ভালো করে হাঁটতে শিখলে তারপর জয়েন করবো। যে একটু আঘাত পেতে পারে বলে আমি সব বাদ দিয়ে বসেছিলাম, সে এখন এমন যন্ত্রণায় কাতরাচ্ছে। কী যে একটা বিভীষিকার মধ্যে আছি। আল্লাহর অশেষ রহমত যে আমার স্বামী-সন্তানকে তিনি প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। তবে এর যেন বিচার হয়। আজ ভিডিও প্রকাশ না হলে এই ঘটনা কেউ হয়তো জানতোই না।’

/এসও/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের