অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়া অভিযুক্ত কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে সাংবাদিকরা।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক।
ক্র্যাবের দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, "একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কিভাবে ২০০ কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্সকৃত অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কিভাবে পেলেন তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।"
পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের আহবান জানানো হয় মানববন্ধনে।
অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বক্তারা আরও বলেন, ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে।
আগামী সাতদিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনও ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সহ-সভাপতি সাব্বির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রানা, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান শিপু, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, ক্র্যাবের যুগ্ম সম্পাদক হাসান উজ জামান, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল, ক্র্যাব সদস্য এস এম ফয়েজ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ক্র্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুতু, ক্র্যাবের অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, শাজাহান আকন্দ শুভ, দেব দুলাল মিত্র, এসহান পারভেজ তুহিন, মহসিনুল করিম লেবু, কামাল হোসেন তালুকদার, ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসেন, আবু হেনা রাসেল, ক্র্যাব সদস্য সাইফুল ইসলাম মন্টু।









