দুইজন ট্রান্সজেন্ডারসহ সাতজনকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২২ ডিসেম্বর) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সিক্সটিন ডেইজ অফ এক্টিভিজম উদযাপন শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
চাকরিপ্রাপ্তরা হলেন- ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, এসিডদগ্ধ নাসরিন জাহান ও লুলু মানসুরা, বিশেষ চাহিদাসম্পন্ন সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের ভাই মনির হোসেন।
আতিকুল ইসলাম বলেন, সবাইকে সমঅধিকার প্রদান করা আমাদের ব্রত। ডিএনসিসি’র পক্ষ থেকে নারীদের আত্মরক্ষার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। অনেকেই আমাকে বলেন নগর পিতা কিন্তু আমি এর বিরোধিতা করে বলি—আমি নগর পিতা নই, নগরের সেবক হিসেবে কাজ করতে চাই। সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। নগরে অনেক ধরণের সমস্যা আছে। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়তো করতে পারবো না, তবে সমস্যার কথা শুনতে সমস্যা নেই। তাই আমরা সবার কথা শুনতে চাই।
এই ঢাকা আমাদের সবার। তাই সবাই মিলে সুস্থ-সুন্দর আধুনিক ঢাকা গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদ সদস্য নাহীদ ইজহার খান, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।









