বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদীতে নৌবিহারের মাধ্যমে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের ইতি টানলেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিসট্রিক্ট) মেয়র রবার্ট সোরিন নেগোইতা।
বুধবার (১৬ মার্চ) বুখারেস্টের মেয়রের সম্মানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই নৌ-বিহারের আয়োজন করে।
সকাল ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে যাত্রা শুরু করে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদী হয়ে বিকাল সাড়ে ৩টায় সদরঘাট ফিরে আসার মাধ্যমে এই নৌ-বিহার সম্পন্ন হয়। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘পিএস মাসুদ’ এ নৌ-বিহার আয়োজন করা হয়।
এতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, বুখারেস্ট মেয়রের সহধর্মিণী মিরিচা এনড্রিয়াসহ মেয়রের সফরসঙ্গীরা অংশ নেন। এসময় ডিএসসিসির ঊর্ধ্বতম কর্মকর্তারাও ছিলেন।
নৌ-বিহারে বুখারেস্ট মেয়র নিজেই কি-বোর্ড বাজিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
এদিকে ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ রাতে রোমানিয়ার উদ্দেশ্য যাত্রা করবেন বুখারেস্টের মেয়র। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টায় ঢাকা থেকে তিনি রোমানিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। মেয়র ব্যারিস্টার শেখ তাপসের আমন্ত্রণ বুখারেস্টের মেয়র ৫ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১২ মার্চ ঢাকা আসেন।








