ঢাকার সড়ক নিরাপত্তায় আর কোনও পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র আতিকুল ইসলাম।
মেয়র সোমবার (১৩ জুন) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ডিএনসিসি-ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর অধীনে নগরের সড়ক নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ কৌশল বিষয়ে আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘ঢাকার সড়ক নিরাপত্তায় পরীক্ষামূলক কোনও প্রকল্প না নিয়ে নিবিড় গবেষণার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি। রাজউক, ডিটিসিএ, বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বাস লেনের অগ্রাধিকার, নিরাপদ ওয়াকওয়ে, এনফোর্সমেন্ট টিম, বাইক রুট নেটওয়ার্ক, ইন্টারসেকশন নকশা, অডিট টিম, কমান্ড সেন্টার, বৃত্তাকার নকশা, পথচারীদের জন্য জোন নির্দিষ্টকরণ, আইনি কাঠামো, স্মার্ট পার্কিং নিয়েও আলোচনা হয়।
মেয়র আতিক বলেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ। একটি শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে চাই। আমাদের কাজ শুরু করা উচিত। বিআইজিআরএস প্রকল্প একটি উন্নত ও নিরাপদ ঢাকা গড়ার একটি বড় সুযোগ।’









