পবিত্র ঈদুল আযহার আগের দিন পশুর হাটে বিক্রি বাড়ে রাজধানীর পশুর হাটগুলোতে। কিন্তু আজ পশুর পরিমাণ কম রাজধানীর অনেক হাটে। শাহজাহানপুরের রেলওয়ে মৈত্রী সংঘের মাঠে অস্থায়ী হাটে গরুর পরিমাণ খুবই কম দেখা গেছে। শুক্রবার পা ফেলার জায়গা ছিল না মাঠে। আজ হাটটিতে রয়েছে হাতে গোনা কিছু গরু। তবে ক্রেতা প্রচুর। কিছুক্ষণ পরপরই দামদর করছেন তারা।
বিশাল মাঠটির একপাশে ৬টি গরু নিয়ে বসে আছেন মিঠু মিয়া। তিনি বলেন, আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১৩টি গরু এনেছিলাম। গতকাল ছয়টা বিক্রি হয়েছে। আজ একটা। আমার সঙ্গে যারা আসছিল কেউই নাই। আমার গরুগুলো বড় বিধায় বিক্রি কম হচ্ছে।
বাবলু জামালপুর থেকে ১২টার সময় ৫টা গরু নিয়ে আসেন। সাড়ে তিনটার মধ্যে তিনটি বিক্রি হয়েছে। তিনি বলেন, ভালো দাম পেয়েছি। গরু আরও বেশি আনলে ভালো হতো।
হাটটির ১ নম্বর কাউন্টারের হাসিল সংগ্রহের দায়িত্বে থাকা রাহাত সজল বলেন, গতকাল বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে। শুধু এক নম্বর কাউন্টারে প্রায় ৮শ গরু বিক্রি হয়েছে। আমাদের এরকম ১৩টি কাউন্টার রয়েছে।
হাটে আজ গরুর দামও বেশি জানিয়ে শাহজাহানপুরের এক বাসিন্দা বলেন, আমি এক লাখ টাকা দিয়ে গরু কিনেছি। প্রায় ২ মণের মতো মাংস হতে পারে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ শেষ দিন। ঢাকার বাইরে থেকেও গরু আসার সম্ভাবনা নেই।









