রাজধানীর পল্লবী থেকে লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) সকালে পল্লবী ১২ নম্বর সেকশনের কালশী নতুন বাজার রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লতিফ হাওলাদার অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো রিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হন। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে সকাল পৌনে আটটায় পল্লবী থানায় সংবাদ দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।









