জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংকট দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাসের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষজন।
শনিবার (৬ আগস্ট) রাজধানীর গাবতলী, মিরপুর, উত্তরা, বিশ্বরোড, রামপুরা, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে যাত্রীবাহী বাস অন্য সব দিনের চেয়ে কম। তবে গাবতলী ও মিরপুর সড়কে বাসের উপস্থিতি কিছুটা বেশি।
‘৮ নম্বর’ বাসে গাবতলী থেকে শাহবাগ আসেন আসাদুজ্জামান নামের এক চাকরিজীবী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক কষ্টে গাড়িতে উঠেছি। আসতে পারলেও দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। পথে অনেক মানুষকে গাড়ির অপেক্ষায় থাকতে দেখেছি।’
এছাড়া রাজধানীতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের উপস্থিতিও একেবারেই কমে গেছে। রাইড শেয়ারিংয়ে বাইক ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ফলে সড়কগুলোর অবস্থা ঈদের ছুটির মতো মনে হচ্ছে।
পাঠাওয়ে মিরপুর থেকে রামপুরার বনশ্রী আসা রহিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ২৫০ টাকায় এসেছি। শনিবার একই পথ আসতে গুণতে হয়েছে ৩৯০ টাকা। এটা রীতিমতো পকেট কাটার শামিল।’
তবে সিএসজি, অটোরিকশাসহ অন্য ছোট গাড়ির চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও এসব যানে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মিলেছে। শাওন নামে এক সিএনজি যাত্রী বলেন, ‘উত্তরা থেকে মালিবাগ আসতে ৩৫০ টাকা দিতে হতো। সেখানে আজ ৫০০ টাকা ব্যয় করতে হলো।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসছেন পরিবহন মালিকরা। এ তথ্য নিশ্চিত করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, আজ বিকাল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
এর আগে গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিবাগত রাত ১২টার পর থেকে (৬ আগস্ট) নতুন দাম কার্যকর হবে।









