ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ঢাকা মেডিক্যাল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খানের লিখিত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি থেকে শর্ত সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ঢাকা মেডিক্যাল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ হতে তিনটি ওষুধের দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়। যথার্থতা বিবেচনা করে সেই তিনটি ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছি। যারা যথাযথভাবে আবেদন করবেন প্রয়োজনীয়তা অনুসারে অনুমোদন দেওয়া হবে। এই অনুমোদন কার্যক্রম একদিনের মধ্যেই সম্পন্ন করা হবে।









