রাজধানীতে বেড়েছে ছিনতাই

রিয়াদ তালুকদার
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭

রাজধানীতে রাত-বিরাতে চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছেন, খোয়াচ্ছেন সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার কিংবা টাকা-পয়সা। বাধা দিলেই ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে অনেকে হচ্ছেন আহত, ঘটছে মৃত্যুর ঘটনাও। এসব ঘটনার প্রেক্ষিতে নগরবাসীকে রাত-বিরাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতে চলাচল নির্বিঘ্ন করতে এবং ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকাতে কাজ চলছে বলেও জানিয়েছেন তারা।

ছিনতাইয়ের শিকারদের মধ্যে বড় একটি অংশই দেশের নানা স্থান থেকে বিভিন্ন যানবাহনে আসা যাত্রী। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভোরের দিকে রাজধানীতে যাত্রীদের নামিয়ে দেয়। বাসস্ট্যান্ড থেকে তারা নির্দিষ্ট গন্তব্য বাসা-বাড়িতে যাওয়ার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। এছাড়া রাত এবং ভোরে রাজধানীর বিভিন্ন জায়গায় চলাচলের সময় অনেকেই ছিনতাইয়ের শিকার হন। অনেক সময় এসব ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা গ্রেফতার হলেও অনেক ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

গত ৩ ফেব্রুয়ারি রাত ১টার দিকে কাজ শেষে উত্তর বাড্ডার বাসায় ফিরছিলেন গুলশানের ফাইভ স্টার নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী সুমন্দ্র পাল (২৭)। উত্তর বাড্ডায় যাওয়ার পথে লাজ ফার্মার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) ওই যুবকের মৃত্যু হয়।

চলতি মাসেরই ১৮ তারিখে ভোর ৪টার দিকে রাজধানীর বংশালে ছিনতাইকারীর কবলে পড়েন ব্যবসায়ী সবুজ হাসান (২৮)। তিনি ব্যবসায়িক কাজে সিলেট থেকে ফিরছিলেন। সায়েদাবাদ থেকে বংশাল যাওয়ার পথে ঠাটারী বাজার এলাকায় একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার গতি রোধ করে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়।

এর গত ২২ জানুয়ারি ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হন গার্মেন্টস কর্মী খলু মিয়া। ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।

আবার রাজধানীতে ২০২১ সালের ৫ মে নিজের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনতাইকারীদের ‘ছো মারা’ থেকে রক্ষা করতে গিয়ে রিকশা থেকে পড়ে গিয়ে মারা যান সবুজবাগ বৌদ্ধ মন্দিরের পরিছন্নতা কর্মী সুনিতা রানী দাস (৫০)। ঘটনার দেড় বছরের বেশি সময় অতিক্রম হলেও এখনও সেই ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি এখনও ছিনতাইকারীরা যে প্রাইভেটকার থেকে ব্যাগটি টান দিয়েছিল সেটিও শনাক্ত করতে পারেনি তদন্তকারী দল।

তবে ২০২২ সালের ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দন্ত চিকিৎসক বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবাইকে গ্রেফতার করা হয়। সে সময় বলা হয়েছিল যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা কিছুদিন আগেই ছিনতায়ের মামলায় জেল খেটে বেরিয়েছে। জেল থেকে বেরিয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়।

আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহে রাজধানীর ৫০টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। রাজধানীতে রাতের বেলায় বিশেষ করে ভোরের দিকে ছিনতাইয়ের ঘটনায় বেশ উদ্বিগ্ন খোদ ডিএমপির পুলিশ কর্মকর্তারাই।

তারা বলছেন, মাঝ রাতে কিংবা ভোরের দিকের ঘটনাগুলো কমানোর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, উত্তরা ও রাজধানীতে ঢোকার মুখগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গোয়েন্দারা বলছেন, রাজধানীতে রাতের বেলা ছিনতাইকারীদের সঙ্গে এখন সহায়ক হিসেবে কাজ করছে বেশ কিছু অসাধু সিএনজি চালক। যা যেকোনও অপরাধকে আরও উসকে দিচ্ছে। রাতের বেলায় যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় কিছুটা নীরব জায়গায় নিয়ে গিয়ে লোকজনদের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র টাকা-পয়সা। এছাড়া বিভিন্ন প্রাইভেটকারে করে ঘুরে রাতের বেলায় বিভিন্ন সড়কে যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে কেড়ে নিচ্ছে সাথে থাকা জিনিসপত্র। এমনকি প্রাইভেটকারে ভুয়া নেমপ্লেট লাগিয়ে এভাবেই রাতের বেলায় কোথাও না কোথাও সক্রিয় থাকছে ছিনতাইকারী চক্রগুলো।

আবার অনেকেই রাস্তায় চলতিপথে ছিনতাইকারীর কবলে পড়লেও আইনি ঝামেলা এড়াতে থানা পুলিশের শরণাপন্ন হন না। এ কারণেও বাড়ছে ছিনতাইয়ের ঘটনা।

ভোরের দিকে রাজধানীর বিভিন্ন সড়ক ‘অনেকটাই অরক্ষিত থাকে’ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যে যাত্রীরা রাজধানীতে এসে বাস কিংবা ট্রেন থেকে নামেন, তারা যেন একটু সকালের দিকে বাস থেকে নামেন। আমাদেরও ব্যবস্থা থাকে। কিন্তু যেখানে পুলিশ থাকে না সেখানেই অপরাধীরা, ছিনতাইকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। বিভিন্ন অরক্ষিত জায়গা চিহ্নিত করে সেসব জায়গায় পুলিশের চেকপোস্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ করা হচ্ছে।

হাফিজ আক্তার আরও বলেন, ‘ভোর রাতের দিকে ছিনতাইয়ের ঘটনা বেশি হচ্ছে। চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা বাড়লে বিশেষ অভিযান পরিচালনা করলে তাদের তৎপরতা কম থাকে। অভিযান কমলে তাদের তৎপরতাও বেড়ে যায়।’

র‌্যাবের তথ্য বলছে, ২০২১ সালের ৫০২টি অভিযান পরিচালনা করে ১০৫৯ জনকে গ্রেফতার করা হয়। ২০২২ সালে ১১৫০টি অভিযানে ২৪৩৮ জনকে গ্রেফতার করা হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৯৪৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৬ মাসে রাজধানীতে ৫৯টি অভিযান পরিচালনা করে ২০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইকারীদের মধ্যে বড় একটি অংশ মাদকাসক্ত। রাতে বিভিন্ন রাস্তা প্রধান সড়ক কিংবা অলিগলিতে লোকসমাগম কম থাকে। নির্জন জায়গায় কাউকে পেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

/ইউএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে