টিকিটের দাবিতে বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দর সড়ক অবরোধ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়ে ওঠেনি।
পরে বিমানবন্দর স্টেশনের সামনে বিক্ষোভ করেন যাত্রীরা। এ সময় স্টেশনে ঢোকার কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরও অনেকে রেল স্টেশনের ভেতর ঢুকে পড়লেও তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করে দেয়।
যাত্রীদের অভিযোগ, স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে না পেলেও কালোবাজারিতে পাওয়া যাচ্ছে। আগেই টিকিট বিক্রি কেন শেষ হলো? আমরা চাহিদামতো টিকিট পাইনি। আমরা যারা নিম্নআয়ের তারা কীভাবে বাড়ি যাবো? এ বিষয়ে সংশ্লিষ্টরা কী বলবেন- আমরা তো ভোগান্তিতে পড়ে গেলাম।
বিমানবন্দর রেল স্টেশনের ম্যানেজার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ২৫ পার্সেন্ট স্ট্যান্ডিং টিকিট অনেকেই আগেই কেটে নিয়ে গেছে। এ ছাড়া একসঙ্গে অনেক লোক এলে ঝামেলা হয়। আমরা তো একসঙ্গে এত লোককে জড় হতে দিতে পারি না। স্ট্যান্ডিং টিকিট বিক্রি শেষ হয়ে যায়। আমরা দুই ঘণ্টা আগেই টিকিট বিক্রি করে ফেলেছি। টিকেট না পেয়ে অনেকে রেজিস্ট্রেশন বুথের সামনে বিক্ষোভ করেন।








