রাজধানীর খিলগাঁওয়ে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে কায়সার আহামেদ সৌরভ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
সৌরভ সিদ্ধেশ্বরী কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা শাহজাহানপুরে।
আহতের বাবা আবু হানিফ ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার দুপুরে কলেজ থেকে তিন সহপাঠীর সঙ্গে বাসায় ফিরছিল সৌরভ। খিলগাঁও রেলগেট এলকায় পৌঁছালে দেখতে পায় সেখানে ময়লার স্তুপের পাশে কয়েকজনের মধ্যে মারামারি হচ্ছে। সেখান থেকে চলে যাওয়ার সময় দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সে আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনে। তার পিঠের বাম পাশে রক্তাক্ত জখম হয়েছে।’
বাচ্চু মিয়া বলেন, ‘কায়সার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’








