রাজধানীর উত্তর বাড্ডায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উত্তর বাড্ডার গুপিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাবুল মিয়ার ছেলে তাসিন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
মৃতের মামা মো. সাঈদ বলেন, ‘তাসিন একটি অনলইনে কসমেটিকস ব্যবসায়ীর ডেলিভারিম্যান হিসেবে কাজ করতো। উত্তর বাড্ডার গুপিপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। শনিবার সকালে ওই সাততলা ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’









