বেশির ভাগ যাত্রীছাউনি ‘বেদখল’

আবির হাকিম
২৭ মে ২০২৩, ১৮:০০আপডেট : ২৭ মে ২০২৩, ১৮:২৮

রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন অন্তরা ইসলাম। পাশেই যাত্রীছাউনি। এরপরও সড়কের ওপরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো তাকে। অন্তরার অভিযোগ, যাত্রীছাউনিতে চায়ের দোকান থাকায় সেখানে বসার পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে সড়কের পাশেই দাঁড়াতে হচ্ছে।

শুধু আজিমপুরেই নয়, রাজধানীজুড়ে যাত্রীছাউনিগুলোর বেশির ভাগই হকার ও ফুটপাতের দোকানিদের দখলে। কোথাও কোথাও আবার দখল করে নিয়েছে বিভিন্ন গণপরিবহনের টিকিট বিক্রেতারা। পল্টন মোড়ে দারুস সালাম মার্কেটের সামনে যাত্রীছাউনি দখল করে বসানো হয়েছে বইপুস্তকের দোকান। দোয়েল চত্বরে শিশু একাডেমির সামনের যাত্রীছাউনির একাংশ দখল করে বসানো হয়েছে চায়ের দোকান। গত কয়েক দিনে রাজধানীর ধানমন্ডি, মিরপুর সড়ক, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। বেশির ভাগ ছাউনিই ফাস্টফুড, কনফেকশনারি, চা-পান-সিগারেট, ফ্লেক্সিলোডের দোকানের দখলে। আবার ছাউনিগুলোর সামনে বাস দাঁড়ানোর কথা থাকলেও কোনও বাসই এখানে দাঁড়ায় না। এ কারণে বিপুল অঙ্কের টাকা খরচ করে নির্মাণ করা এসব যাত্রীছাউনি যাত্রীদের কোনও কাজেই আসছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্পের অধীনে রাজধানীতে যাত্রীসেবা বৃদ্ধি ও গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে রাস্তার পাশে ঢাকার দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশিত স্থানে ঢাকা দক্ষিণে ৭০টি ও উত্তরে ৬০টি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি করা ছাউনি রয়েছে ৫০টিরও বেশি।

বেশির ভাগ যাত্রীছাউনি ‘বেদখল’

ভুক্তভোগী যাত্রীরা বলছেন, দখলদারদের জন্য তারা এর সুফল পাচ্ছেন না। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত যাত্রীদের নিরাপত্তা এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলো আন্তরিক নয়। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রভাবশালীরাও এসব যাত্রীছাউনি দখলের সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘যাত্রীছাউনিতে তো শুধু বাসের যাত্রীরা অপেক্ষা করেন না। অনেক দূর থেকে আসা পথচারীরাও বিশ্রাম নেন। এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সিটি করপোরেশনসহ সরকারি সংস্থাগুলোকে আরও বেশি জবাবদিহির মধ্যে আনতে হবে।’

আর বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীছাউনিগুলো নির্মাণের সময়ই অনেক অনিয়ম হয়েছে। তবে মোটাদাগে কর্তৃপক্ষের অবহেলা এবং নজরদারির অভাবেই মূলত এগুলো বেদখল হয়ে যাচ্ছে।

বেশির ভাগ যাত্রীছাউনি ‘বেদখল’

নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, কেইস প্রকল্পের অধীনে ছাউনিগুলো নির্মাণের সময় সঠিক পরিকল্পনা ছিল না। এ কারণে অনেক ক্ষেত্রে বাস স্টপেজ নাই এমন জায়গাতেও যাত্রীছাউনি হয়েছে। ফলে সেগুলো বেদখল হয়ে গেছে। এখনও সঠিকভাবে নজরদারি করলে এগুলো থেকে যাত্রীরা সুফল পেতে পারেন।

জাতীয় প্রেসক্লাবের সামনের যাত্রীছাউনিতে দোকান করছিলেন আবদুল জলিল। কীভাবে যাত্রীছাউনি দখল করে এই দোকান করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সব যায়গা ম্যানেজ করেই এখানে দোকান করতে হয়।’

কীভাবে ম্যানেজ করেন বা কাকে ম্যানেজ করেন, জানতে চাইলে আর কথা বলতে রাজি হননি তিনি। সব ছাউনিতে দোকান করা দোকানিরাই আবদুল জলিলের মতো কারও নাম বলতে রাজি হন না।

এদিকে যাত্রীছাউনিগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, তারা নিয়মিত উচ্ছেদ অভিযান চালালেও কয়েকদিনেই আবার বেদখল হয়ে যায় ছাউনিগুলো।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষের সুবিধার জন্য যাত্রীছাউনিগুলো আমরা খুব সুন্দর করে একটু বড় পরিসরে বানিয়েছি। কিন্তু দখলদারদের বার বার উচ্ছেদ করার পরও আবার এসে তারা দখল করে। তাদের সঙ্গে কত আর ইঁদুর-বিড়াল খেলা যায়!’

/ইউএস/এফএস/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান