তেলুগু সম্প্রদায়ের ২৫ জনকে পরিচ্ছন্নতাকর্মী পেশায় নিয়োগ দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত র্যালিতে ভবিষ্যতে তেলুগু সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিতে নিজেদের দাবিও তুলে ধরেন তারা।
তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির এ আয়োজনে সংগঠনটির সদস্য সচিব যোশেফ ইউ কে নন্দম জয় বলেন, ‘মেয়র শেখ ফজলে নূর তাপস তেলুগু সম্প্রদায়কে পুনরায় ২৫টি চাকরি দেওয়ায় আমরা আনন্দিত। তেলুগু ও হরিজন সম্প্রদায়ের পেশা এক হলেও তেলুগুদের ভাষা ও কৃষ্টি-কালচার আলাদা। পরিচ্ছন্নতা পেশায় তেলুগু সম্প্রদায়ের নির্দিষ্ট কোনও কোটা বরাদ্দ না থাকায় চাকরি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তাই তেলুগু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি চাকরিতে কোটা বরাদ্দসহ স্থায়ী বাসস্থান একান্ত জরুরি।’
তিনি বলেন, ‘দেশের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার যথার্থ সম্মান দেওয়ার মাধ্যমে কাজের সুযোগ করে দিয়েছেন। এতে আমরা আনন্দিত। আমরা চাই, ভবিষ্যতে তেলুগু সম্প্রদায় যেন ন্যায্য অধিকার, বাঁচার মতো মজুরি, মর্যাদা ও সম্মান নিয়ে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে।’
এ সময় তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে নিজেদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। তাদের দাবিগুলো হলো– প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ‘পরিচ্ছন্নতা কর্মীদের বংশানুক্রমে চাকরি দিতে হবে’– এর দ্রুত বাস্তবায়ন করা; পরিচ্ছন্নতা পেশায় সরকারিভাবে তেলুগু সম্প্রদায়কে শতকরা ২০ শতাংশ কোটা বরাদ্দ দেওয়া; তেলুগু সম্প্রদায়ের পেশা ভাষা, কৃষ্টি-কালচার বিবেচনা করে সংঘবদ্ধভাবে বসবাস করার স্থায়ী বাসস্থান নির্মাণ করে দেওয়া; এসডিজি বাস্তবায়নে তেলুগু সম্প্রদায়কে পেছনে না রেখে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এবং খাস জমি বরাদ্দ ও সুষ্ঠু পুনর্বাসন ছাড়া কোনও তেলুগু কলোনি উচ্ছেদ না করা।








