রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির ছাত্র।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানায় অবগত করা হয়েছে।
নিহতের বড় ভাই ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের একটি ইউনিভার্সিটিতে মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতো। আগামী ২৫ আগস্ট চীনে যাওয়ার কথা ছিল তার। আজ (বৃহস্পতিবার) বিকালে দুজন মিলে ডেমরা স্টাফ কোয়ার্টার ভাড়া বাসা থেকে কেনাকাটা করার জন্য গুলশান যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রামপুরা ব্রিজের কাছে বাস থেকে নেমে রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস জাহিদকে ধাক্কা দেয়, এতে সে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল পাঁচটা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরের মোদাচ্ছের আলীর ছেলে জাহিদ হাসান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।









