রাজধানীর বাড্ডায় হোসনে আরা মিম (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাড্ডার দক্ষিণ আনন্দ নগর এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা এ তথ্য জানান।
মৃতের খালু মো. বকুল মিয়া বলেন, ‘মিম এবার রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। তার ইচ্ছা ছিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসিতে ভর্তি হবে। কিন্তু বাড্ডা এলাকার ইম্পেরিয়াল কলেজে ভর্তি করানোর ইচ্ছা ছিল তার বাবা-মায়ের। এতে সে রাজি ছিল না। এসব নিয়ে অভিমান করে শনিবার সকালে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সে। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।’
এসআই বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, সে আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।’








