রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫)। মঙ্গলবার দিবাগত রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী এ তথ্য জানান।
দেলোয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন। ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকার ছিলেন।
তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনোয়ার ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ছিনতাইকারদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
দেলোয়ারের বড় বোন আলেয়া বেগম জানান, বাবা-মাকে নিয়ে ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার একটি বাসায় থাকেন তিনি। মঙ্গলবার রাতে পিকআপ ভ্যানে বাসার মালামালসহ বাবা আলাউদ্দিন ও মা হামিরুন্নেসাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা দুই ভাই। এরপর ভোর ৪টার দিকে খবর পান ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারা আহত হয়েছেন।
আলেয়া আরও জানান, ছিনতাইকারীরা তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল। পরে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করে আটকের চেষ্টা করেন দেলোয়ার ও আনোয়ার। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার মারা যান।








