ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ ইঞ্চি জমিও কেউ অবৈধভাবে দখল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলো বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘এই দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সে সব দোকান বুঝে পাননি। দুই যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদারেরা ভোগ করে আসছিল। কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের ১ ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।’
প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের বরাদ্দ বুঝিয়ে দিতে সব প্রতিকূলতা অতিক্রমের আশা প্রকাশ করে মেয়র বলেন, ‘যারা প্রকৃত বরাদ্দগ্রহীতা তারাই সেখানে সঠিকভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন। তারা আমাদের অংশীজন, হকদার। তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনও ধরনের প্রতিকূলতা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সব প্রতিকূলতা অতিক্রম করবো।’
অনুষ্ঠানে ৫৭ জন বরাদ্দগ্রহিতার মাঝে চাবি হস্তান্তর করা হয়।
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মিনু রহমান ও ফারহানা ইসলাম ডলি প্রমুখ।









