রাজধানীর কামরাঙ্গীর চরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত (ছেলে) শিশুর বয়স আনুমানিক ৮ বছর। রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ সব তথ্য জানান।
রেদওয়ান ও তানভীর হোসেন নামে দুই পথচারী জানান, কামরাঙ্গীর চর মাদ্রাসা ঘাট এলাকায় প্রধান সড়কে শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটো রিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিঁটকে পড়ে। সে সময় একটি মালবাহী ভ্যান তার ওপর দিয়ে গেলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারীদের ধারণা, শিশুটি আশপাশের কোনও মাদ্রাসার শিক্ষার্থী হতে পারে।
বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর অবস্থায় রবিবার দুপুর ১২টার দিকে ওই শিশুকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’








