ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরও ১০টি পে-লোডার। এর মাধ্যমে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরও বাড়লো।
সোমবার (১০ জুন) দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন কেনা এ সব পে-লোডার হস্তান্তর করা হয়। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এ সব পে-লোডারের চাবি হস্তান্তর করেন র্যাংগস মোটরস লিমিটেডের সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার।
ঈদুল আজহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পে-লোডার ১০টি কেনে ডিএসসিসি।
চাবি হস্তান্তরের পর মেয়র তাপস ঘুরে ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, ‘নতুন পে-লোডার কেনার কারণে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে। কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন এ সব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়া নতুন পে-লোডার কেনার মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বাড়বে।’
চুক্তি অনুযায়ী নতুন পে-লোডারগুলোর জন্য দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এছাড়াও এ সব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র্যাংগস মোটরস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে, যা আজ থেকেই শুরু হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন– ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম প্রমুখ।








