পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই সিটি করপোরেশনের নগর ভবনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে শুক্রবার (১৪ জুন) হতে ঢাকা দক্ষিণ সিটিতে প্রতিষ্ঠিত ১০টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি শুরু হয়েছে। এ ছাড়াও ঈদের দিন দুপুর ২টা থেকে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং বাসিন্দাদের এ সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে।
কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ করা না হলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সামষ্টিক কার্যক্রম তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে দফতর আদেশ জারি করা হয়েছে। মোট ১৩টি সেশনের মাধ্যমে শুক্রবার দুপুর ২টা থেকে আগামী ১৮ জুন রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।
পাশাপাশি ইজারা দেওয়া ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং মৌসুমি চামড়া ব্যবসায়ীদের যত্রতত্র অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধ করতে করপোরেশনের ছয় জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে দফতর আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে ইজারা দেওয়া ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের তথ্য আদান-প্রদান ও পর্যবেক্ষণের লক্ষ্যে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ১১টি দল গঠন করে ভিন্ন আরেকটি দফতর আদেশ জারি করা হয়েছে।
ভিন্ন আরেক দফতর আদেশে কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে ১০টি দল গঠন করা হয়। এই দলগুলো দক্ষিণ সিটির ১০ অঞ্চলে দায়িত্ব পালন করবে দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন এসব দফতর আদেশ জারি করা হয়।









