রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)। তাদের সবার অবস্থা আশঙ্কাজন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘তিন বছরের শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি, গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে।’
তিনি জানান, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ এবং বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।









