মতিঝিল ফকিরাপুলের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফকিরাপুলের গরম পানি গলির ২৫৪/৩নং ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আজ (রবিবার) দুপুরে জাতীয় বার্ন ইউনিটে আনা হয়।
দগ্ধরা হলেন, কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১) ও রোজিনার মামাতো বোন কুলসুমা আক্তার (২৫)।
দগ্ধ রোজিনা বলেন, আমি ও কুলসুমা আক্তার দুপুরে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিলাম, হঠাৎ সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে যায়। আমাদের চিৎকার শুনে ছেলে রিয়াজ এগিয়ে এলে সেও দগ্ধ হয়।
এ প্রসঙ্গে জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, কামরুন্নেসা রোজিনার দু-পায়ে সামান্য দগ্ধ হয়েছে, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও রিয়াজ হোসেন ও কুলসুমা আক্তারের দুহাত মুখমণ্ডল দগ্ধ হয়েছে। তারা অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী গ্রামে। বর্তমানে ওই ভবনে ভাড়া থাকেন। দগ্ধ দুই নারী মেসে রান্না করে ও খাবার সরবরাহ করেন।









