পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা জানান, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার বয়ফ্রেন্ড তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ওই যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে। ওই যুবকের নাম ইয়াসিন মজুমদার।
ঘটনার সময় পাশের ভবনে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারেফুল বলেন, আমি নিচে নামছিলাম, তখন দেখি একটি ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছে। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
ওই শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা বলেন, আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে এসেছি হাসপাতালে।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গেই ছিল। এরপরই শুনি আত্মহত্যা করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







