রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (৩ মে) বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সময়ে তারা রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলো। তখন কমলাপুরগামী সুরমা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে এক যুবক মারা যায়। এসময় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিকাল পৌনে ৫টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এসআই মোহাম্মদ আলী বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার কাছে কিছু চাবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে আশপাশের এলাকার কেউ হতে পারে। আমরা চেষ্টা করছি তার পরিচয় শনাক্ত করার। তার বয়স আনুমানিক ২৫ বছর। পড়নে ছিল ফুল প্যান্ট ও গেঞ্জি।
এ দিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।









