রাজধানীর কামরাঙ্গীরচর সিলেটিয়া বাজার এলাকায় বিষপানে জিয়াসমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে একটি প্লাস্টিক কারখানায় পানির কল তৈরির কাজ করতো।
সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
জিয়াসমিনের মা রংমালা খাতুন জানান, তার মেয়ে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো। দুপুরে কারখানায় থাকা অবস্থায় সে বিষপান করে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে সহকর্মীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে জিয়াসমিন ছিল বড়। কী কারণে সে বিষপান করেছে, বুঝতে পারছি না। আমি তার সঙ্গে রাগারাগি বা গালাগালি করিনি। তার বাবা সফর আলীর সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। আমি মাটি কাটার কাজ করি, দুই সন্তানকে নিয়ে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজারে ভাড়া বাসায় থাকি।’
মো. ফারুক জানান, কিশোরীর মৃত্যুর খবরটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে। নিহতের মা দাবি করেছেন, সে বিষপান করে আত্মহত্যা করেছে।









