রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে বাড়ির নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে পশ্চিম রাজাবাজার এলাকার একটি ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আবুল হোসেন। আহত ব্যক্তিরা হলেন, মিজান ও হাফিজুল। তারা ওই সড়কের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ভবনে শ্রমিকরা কাজ করছিল। এ সময় হঠাৎ করে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দারোয়ান দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মেহেদী হাসান জানান, নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









