জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাগর আহম্মেদ (৩০)। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল সড়কে টহল দিচ্ছিল পুলিশ ফাঁড়ির একটি দল। রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে সাগরকে তল্লাশি করা হলে, তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করেন। এরপর তিনি টহলরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে চাকুটি জব্দ করে। ধস্তাধস্তির সময় সাগরও সামান্য আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









