রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় ইউলুপ ব্রিজের ওপর একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তিনি প্রায় ২৫ বছর বয়সী একজন পুরুষ। সোমবার (৩০ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী বাদশা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বাদশা জানান, তিনি ইউলুপ ব্রিজের পাশে একটি দোকানের কর্মচারী। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন একজন রাস্তায় ছটফট করছেন এবং মোটরসাইকেলটি পাশে পড়ে আছে। স্থানীয়রা জানান, একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে আছে। বাড্ডা থানাকে বিষয়টি জানানো হয়েছে।









